Class-10
বহুরূপী
সুবোধ ঘোষ
QUESTION ANSWER
![]() |
WBBSE CLASS 10 BOHURUPI QUESTION ANSWER |
WBBSE CLASS 10 BOHURUPI QUESTION ANSWER MADHYAMIK BENGALI
1: বহুরূপী গল্পে বর্ণিত হরি বহুরূপীর চরিত্রটি বিশ্লেষণ কর।
সুবোধ ঘোষ ‘বহুরূপী’ নামক ছোটগল্পে সরল ভাষা-ভঙ্গিমায় একটি বহুরূপীর চরিত্র অঙ্কন করেছেন।
বহুরূপীর নাম হরি। সমগ্র গল্প জুড়ে তাঁর উপস্থিতি। সাধারণ মানুষের প্রচলিত জীবনভাবনার সঙ্গে তাঁর জীবনভাবনা মেলে না। সমগ্র গল্পে তাঁর চরিত্রটি ধীরে ধীরে উন্মোচিত হয়েছে। কোনো নির্দিষ্ট চরিত্র ধর্মের সঙ্গে তাঁকে মেলানো কঠিন হয়ে পড়ে।
হরিদা স্বভাব অলস মানুষ। নিত্য একই কর্মের জাঁতাকলে জীবনকে পেষণ করতে চান না তিনি। একঘেঁয়ে কাজ করতে তাঁর ভয়ানক আপত্তি। তাঁর চরিত্রের গভীরে ডুব না দিলে তাঁকে অকর্মন্য বলে ভুল হবে। তাঁর চরিত্রের একটি বিশেষ দিক হল, শিল্প চেতনার প্রকাশ। তাঁর শিল্প ভাবনা বাহ্যিক নয়, তা তাঁর জীবনের অঙ্গ।
হরিদা অত্যন্ত গরীব মানুষ। সরু গলির মধ্যে ছোটো একটা ঘরে তাঁর বাস। ঘরে আসবাব বিশেষ কিছু নেই। শুধু ঘরটাই ছোটো নয়, তাঁর জীবনের পরিসরটিও ছোটো। তাঁর ঘরে নিত্য অভাব। দারিদ্র্য তাঁর ভূষণ। গল্পে তাঁর ছোটো ঘরে দুবার উনান জ্বালাবার ছবি দেখেছি। আগুন শুধু উনানেই জ্বলে না, জ্বলে তাঁর পেটে, তাঁর মনে।
পেটের আগুন নেভানোর জন্য কখনো তিনি ফুলসাজি বাড়িয়ে দেন, গ্লানি মেশানো দু'চার পয়সা উপার্জন করেন। কিন্তু মনের আগুন জ্বললে তিনি শিল্পগতপ্রাণ হয়ে ওঠেন। তখন শিল্পের জন্য শিল্প সৃষ্টি হয়, অর্থের জন্য নয়। তাই স্কুলের মাস্টার মশায়ের কাছে আট আনা ঘুষ নেবার জন্য হাত পাতেন।
কিন্তু জগদীশবাবু শত টাকা দিতে চাইলেও তা অগ্রাহ্য করতে পারেন। টাকা নয়, তাঁর শিল্পী জীবনের সার্থকতা ও অতৃপ্তি তাঁকে বিচিত্র রূপে সাজিয়ে তোলে। বহু রঙের ও রূপের ছোঁয়া শুধু বাহ্য দেহে লাগে না, মনের আকাশেও নিয়ত বর্ণালি খেলা করে। তাঁর জীবনের এই বাধা-বন্ধনহীন অভ্যাসটাকে 'নাটকীয় বৈচিত্র্য' বলা হয়েছে। আসলে হরিদা রূপের পূজারি। রূপ সৃষ্টির প্রয়াসে বারবার তাঁর রূপান্তর ঘটেছে।
WBBSE CLASS 10 BENGALI QUESTION ANSWER
2: 'বহুরূপী' গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।
সুবোধ ঘোষের লেখা বহুরূপী নামক ছোটগল্পটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমূল্য সংযোজন। আপাত অর্থে, এই গল্পের প্রধান চরিত্র হরিদা হল এক বহুরূপী। কিন্তু গল্পটি আলোচনা প্রসঙ্গে দেখব, বহুরূপী শব্দটি কোনও একমুখী ঘটনা বা চরিত্রকে নির্দেশ করছে না।
সাহিত্যের যেকোনো শাখায় নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কবিতায়, গল্পে, নাটকে নামকরণের গুরুত্ব সর্বাধিক। পাঠক বা শ্রোতা সাহিত্যকর্মের নামকরণ দেখে সেই রচনাটি পাঠ করতে বা শুনতে আগ্রহী হয়। পাঠকের মনে মূল কাহিনীর দ্যোতনা আনে সেই রচনার নামকরণ। আমার পাঠ্য বহুরূপী গল্পের নামকরণ বিচার করে এর সার্থকতা ও প্রাসঙ্গিকতা এখানে উল্লেখ করছি।
'বহুরূপী গল্পে হরিদা নামে এক চরিত্রের দেখা পাই যিনি নানারকম রূপ ধারণ করে দশর্ক সাধারণের কাছে প্রশংসিত হন এবং অল্প কিছু টাকা উপার্জন করেন। আবার, তিনি প্রতিদিন বহুরূপী সাজেন না। কখনো কখনো তিনি পাগল সেজে চকের বাসস্ট্যান্ডে যাত্রীদের ত্রাস হয়ে ওঠেন। কখনো দয়ালবাবুর লিচু বাগানে দিনের বেলা শিক্ষিত মানুষ স্কুলের শিক্ষক মহাশয়ের কাছ থেকে ৮ আনা আদায় করে নেন।
সন্ধ্যাবেলা অপরূপ বাইজি সেজে পথে নামলে নুপূর নিক্কনে এবং দেহলাস্যে বাজারের মানুষের দৃষ্টি ভ্রম ঘটে। এপর্যন্ত হরিদাকে একজন সফল বহুরূপী হিসাবে দেখতে পাই। কিন্তু গল্পের শেষে জগদীশবাবুর বাড়িতে তাঁর বহুরূপীর সাজ খসে পড়েছে। বহুরূপী তাঁর মিথ্যা পরিচয়। তাঁর প্রকৃত পরিচয়, তিনি শিল্পান্ধ। শিল্পের প্রতি দায়বদ্ধতাবশত তিনি সত্যকার বিরাগী। তাই অনায়াসে জগদীশবাবুর দেওয়া একশো টাকা ত্যাগ করতে পারেন। এইদিকে বিচার করলে তিনি বহুরূপী নন, একজন সত্যকার মানুষ।
গল্পের প্রথমে যে সন্ন্যাসীর দেখা পেয়েছি, লোকে যাকে বিষয় বাসনাশূন্য বলে মনে করে, সেই সন্ন্যাসী বিষয়-বাসনাশূণ্য মনের পরিচয় রাখতে পারেননি। সারাদেশে সন্ন্যাসীর বেশে ঘুরলেও মনের গোপনে তাঁর লোভ জমে ছিল। তাই জগদীশবাবুর দেওয়া উপহার সহজেই গ্রহণ করতে পেরেছেন। এদিক থেকে বিচার করলে তিনি সত্যকার সন্ন্যাসী নন, তিনি বহুরূপী।
জগদীশবাবু নিজেকে ধর্মপ্রান মানুষ বলে উপস্থিত করেছন। কিন্তু তিনি ধর্মের সারকথা, মোহমুক্তি সম্পর্কে উদাসীন। অর্থের অন্ধকারে তিনি সন্ন্যাসীকে মূল্যবান উপহার প্রদান করতে চান। তাই তিনি ধর্মপ্রাণ নন, তিনি যশ-প্রান। তাঁর বাহ্যিক রূপের আড়ালে লুকিয়ে আছে অন্য এক সত্তা। সেই অর্থে তিনিও বহুরূপী।
এই জগৎ বিচিত্র এক রঙ্গশালা। ভিন্ন ভিন্ন দৃশ্যপটে চরিত্রগুলি ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে। কোনো চরিত্রেই নির্দিষ্ট একটি রূপ স্থায়ী হয়নি। জীবনের নাট্যকার চরিত্রগুলিকে বহুরূপ দান করে তাদের অচেনা করে তুলেছেন। এই বিশেষ অর্থে বহুরূপী গল্পের সব চরিত্রই বহুরূপী।
#CLASS10 #MADHYAMIK #WBBSE #MADHYAMIKSUGGESTION #MADHYAMIKBENGALI #CLASS10BENGALI #BENGALI #CLASS10BOHURUPI #CLASS10BOHURUPIQUESTIONANSWER #BOHURUPISTORY #BOHURUPIBYSUBODHGHOSH #BAHURUPI

0 মন্তব্যসমূহ